বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক মনি আর বেঁচে নেই। রোববার রাতে ৬৬ বছর বয়সে চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য।
বাংলাদেশের ক্রিকেট আজকে অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মনি। যখন বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে বেশি মাথা ঘামাত না, সেই সময় এ দেশের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করে গেছেন।
সত্তর দশক থেকে শুরু করে তিন দশকেরও বেশি সময় ধরে আমিনুল হক মনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন ক্রিকেটের সেবায়।
১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ দিন বিসিবি'র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন আমিনুল হক মনি।
১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পায় লাল-সবুজবাহিনী। এর পিছনে মূল কারিগর ছিলেন মনি। তার পরিকল্পনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পায় বাংলাদেশ।
বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট চালু করার প্রস্তাব করেন মনি। তার প্রচেষ্টায়ই শুরু হয় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির মাইলফলক।
২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে ক্রিকেট উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।
সংগঠক হিসেবে জড়িয়ে ছিলেন লীগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন। বিসিবির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন গোড়া থেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শেষ পর্যন্ত ক্রিকেটকেই নিজের জীবনের ধ্যান-জ্ঞান করে টিকে ছিলেন।
জেডআই





