ইউক্রেনে একের পর এক হামলা করায় বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে রাশিয়ার ক্রীড়াঙ্গনও। উয়েফার সব ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধও হয়েছে তারা। এবার বেইজিং প্যারালিম্পিকেও বড় বাধার সম্মুখীন হচ্ছেন দেশটির অ্যাথলেটরা। বাধার সম্মুখীন হতে হচ্ছে বেলারুশের অ্যাথলেটদেরও।
শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ২০২২ শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীরা নিজেদের দেশের ব্যানারে খেলতে পারবেন না, তাদের নামতে হবে নিরপেক্ষ হিসেবে।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব রুশ ও বেলারুশিয়ান অ্যাথলেটরা বেইজিংয়ে পৌঁছেছেন, তাদেরকে প্যারালিম্পিক পতাকার আওতায় অংশ নিতে হবে। পদক তালিকাতেও এই দুদেশের অ্যাথলেটরা থাকবেন না।
আইপিসি বলছে, ইউক্রেনে হামলার কারণে এই দুই দেশের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেয়ার ক্ষমতা তাদের ছিল সেটাই প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২৯ জন ইউক্রেনিয়ান অ্যাথলেট প্যারালিম্পিকে অংশ নিতে আসছেন। ধারণা করা হচ্ছে, রুশ ও বেলারুশের অ্যাথলেটদের সাথে প্রতিযোগিতা করার বদলে তারা হয়তো প্যারালিম্পিকই বর্জন করবে।সূত্র: বিবিসি।
এমআই





