অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি আরো একবার বিপদে ফেলে দিল আর্জেন্টিনাকে। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের ঘরের মাটিতে গতকাল মঙ্গলবার প্যারাগুয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছে তাঁরা।

অন্যদিকে, দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে প্যারাগুয়ে। খেলা শুরুর মাত্র ১৮ মিনিটের মাথায় দের্লিস গনজালেস এগিয়ে নেন প্যারাগুয়েকে। আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরোও জালে বল আটকানো ঠেকাতে পারেননি।

এই পরাজয় আর্জেন্টিনাকে দক্ষিণ আমেরিকার গ্রুপে পঞ্চম অবস্থানে নিয়ে গেল। এই ম্যাচের পর আর্জেন্টিনার পয়েন্ট ১৬।

এই মুহূর্তে প্যারাগুয়ে থেকে মাত্র এক পয়েন্ট এবং উরুগুয়ে থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইকুয়েডর।

এই গ্রুপে আর্জেন্টিনার পরবর্তী বাছাই ম্যাচ ১০ নভেম্বর। ওই ম্যাচে যদি ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন মেসি, তাহলে হয়তো কিছুটা আশার আলো দেখতে পারে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা গ্রুপের শীর্ষ চারটি দল খেলবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

গত ২১ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলতে গিয়ে ইনজুরির কবলে পড়েছিলেন মেসি।

ফলে খেলতে পারেননি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের এবারের রাউন্ডের তিনটি ম্যাচ। আর তাঁকে ছাড়া মাঠে নেমে একের পর এক হোঁচট খেয়ে চলেছে আর্জেন্টিনা। এর আগে ভেনেজুয়েলা আর পেরুর বিপক্ষেও ড্র করে হোঁচট খেয়েছে দলটি।

এমবি