ব্রাজিল ফুটবল কনফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করার খবর জানায়।
গ্রুপের প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করার পরের ম্যাচে হাইতিকে ৭-১ ব্যবধানে উড়িয়ে শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছিল ব্রাজিল।
কিন্তু তৃতীয় ম্যাচে পেরুর কাছে বিতর্কিত এক গোলে হেরে যুক্তরাষ্ট্রে চলা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো ব্রাজিল।
পেরুর কাছে হারার পর সাংবাদিকদের প্রশ্নে দুঙ্গা জানিয়েছিলেন, তিনি চাকরি হারানো নিয়ে ভীত নন। ব্রাজিল দলকে পুনর্গঠন করার জন্য আরও সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

২০০৬ সালে প্রথম মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে কোচ হিসেবে অভিজ্ঞতা ছিল না দুঙ্গার। দেশকে ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের ফিফা কনফেডারেন্স কাপের শিরোপা জেতান তিনি।
২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল হারার পর প্রথমবার বরখাস্ত হন দুঙ্গা।
দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেয়ার পর লুই ফেলিপে স্কলারিকে সরিয়ে দুঙ্গাকে আবার কোচের দায়িত্ব দেয়া হয়।
কিন্তু এবারো আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ায় দুঙ্গার বিদায় ঘণ্টা বাঁজলো দু'বছরের মাথায়।
এসএম





