আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হাল্কের কৃতিত্বে পরাজয়ের হাত থেকে রক্ষা পেল ব্রাজিল। শনিবার রাতের ম্যাচটিতে ১-০ গোলের ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিন রেড বুল এরিনাতে ম্যাচের ১০ মিনিটে বক্সের মধ্য থেকে কোস্টা রিকার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান হাল্ক। প্রথমবারের মত কোচ অস্কার রামিরেজের অধীনে খেলতে নেমে কোস্টা রিকা অবশ্য খুব একটা সুযোগ সৃষ্টি করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিলও তাদেও লিড বাড়াতে পারেনি। বিরতির পরে অবশ্য মার্সেলো ও ডগলাস কস্তা দুটো ভাল সুযোগ নষ্ট করেছেন।

দলের তারকা স্ট্রাইকার নেইমার ম্যাচ শেষের ১০ মিনিট আগে মাঠে নেমেছিলেন। উত্তর আমেরিকায় দু’টি প্রীতি ম্যাচের জন্য নেইমরাকে দলভূক্ত করা হলেও বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দু’টি ম্যাচে তিনি থাকছেন না। কোপা আমেরিকায় লাল কার্ড পাওয়ায় তাকে দুই ম্যাচ বহিষ্কার করা হয়।

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাসের পরিবর্তে কাল কোস্টা রিকার গোলবার সামলানোর দায়িত্ব পড়েছিল দলের দ্বিতীয় গোলরক্ষক প্যাট্রিক পমমবারটনের ওপর।

ম্যাচের শুরুতেই সাত মিনিটের মধ্যে হাল্কের একটি ফ্রি-কিক এবং ডেভিড লুইজের শট আটকে দিয়ে প্যাট্রিক অবশ্য নিজেকে ভালই প্রমাণ করেছেন। তবে ১০ মিনিটে হাল্ককে আর আটকানো সম্ভব হয়নি। দারুণ একটি আক্রমণ থেকে কোস্টা রিকার সেন্ট্রাল ডিফেন্ডার গিয়ানকার্লো গঞ্জালেজকে পাশ কাটিয়ে বল জালে জড়ান এই তারকা।

ম্যাচের ৫৫ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি এসেছিল কোস্টা রিকার সামনে। কিন্তু ব্রায়ান রুইজের গোলটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়।

চলতি বছর কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পরে এটাই উভয় দলের প্রথম ম্যাচ। কোপা আমেরিকায় ব্রাজিল প্যারাগুয়ের কাছে এবং গোল্ড কাপে কোস্টা রিকা মেক্সিকোর কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল।

জেডআই