বাফুফে গত ডিসেম্বরে মালয়েশিয়ায় মখকাপ ফুটবলের প্লেট গ্রুপ (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়ন বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ।গতকাল দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়া হয়।

২৫টি দেশের দল মখকাপ ফুটবলে খেলেছে। কাপ গ্রুপ এবং প্লেট গ্রুপে খেলা হলেও বাংলাদেশ শুধু প্লেট গ্রুপে খেলেছে। জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নিয়ে তিন বছর এই ফেষ্টিভেল টুর্নামেন্টে খেলছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার খেলোয়াড়দের অভিনন্দন জানান।

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে ভালো ফুটবলারদের খুঁজে নিয়ে কাজে লাগাতে বাফুফেকে পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফুটবল এখনও জনপ্রিয় খেলা। এটা কেন অনাদরে থাকবে। গুরুত্বহীন জায়গায় থাকবে।’ ফুটবলে নিজেদের মধ্যে কোন্দল রয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় নিজেদের মধ্যে অমিলের কারণে। এমন ইঙ্গিত বীরেন সিকদারের বক্তব্যে ফুটে উঠল।

তিনি বলেন,‘তৃণমূলে প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বাজেট খরচ করছি। ফেডারেশনগুলোকে খেলোয়াড় ধরে রাখতে হবে।’ বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন নারী ফুটবলের সফলতা তুলে ধরে বলেন,‘খারাপ হলে সমালোচনা করুন। ভালোর প্রশংসা করুন। আমরা চার বছরের জন্য পরিকল্পনা, ধৈর্য ধরুন। আমরা সবার পরামর্শ নেব।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার। অনুষ্ঠানে উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাদল রায়, বিসিবির পরিচালক কাজী এনাম, বিকেএসপির মহাপরিচালক সামছুর রহমান, প্রিন্সিপাল লেঃ কর্ণেল ইমরান, বাফুফের সদস্য হারুনুর রশিদ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা, ইমতিয়াজ সুলতান জনি, ৯৯ কাঠমান্ডু সাফ গেমস ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক জুয়েল রানা, আলফাজ আহমেদ, জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, ওয়ালী ফয়সাল, তপু বর্মণ, নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সবাই ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন। সংবর্ধনা দেওয়ার জন্য ফুটবল দলের অধিনায়ক ফাহিম মোরশেদ ধন্যবাদ জানিয়েছে।

নাজিব