বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ১১২ রানের লক্ষ্যে ব্যাট করছে রাজশাহী কিংস। রাজশাহী কিংসের হয়ে অভিষেক হওয়া আফিফ হোসেনের বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে চিটাগাং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে চিটাগাং।
শনিবার সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নামে তামিম ইকবালের চিটাগাং। তবে শুরুটা ভালো হয়নি চিটাগাংয়ের। কোনো রান না করেই কেসরিক উইলিয়ামসের বলে সাজঘরে ফেরেন তামিম। ব্যক্তিগত ৮ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন আনামুল বিজয়।
দলীয় ২৪ রানে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হন জহুরুল ইসলাম অমি। তিনি ১৩ রান করে আফিফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপরই শুরু হয় আফিফের ঘূর্ণি জাদু। ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে প্যাভিলিয়নে পাঠান আফিফ। গেইল ১৫ বল খেলে ৫ রান করে আফিফের বলে বোল্ড হন।
এরপর জাকির হাসান, সাকলাইন সজিব এবং ইমরান খান জুনিয়রের উইকেট তুলে নেন আফিফ। বিপদজনক ব্যাটসম্যান মোহাম্মদ নবীকে ফেরান নাজমুল হাসান অপু। নবী ১২ রান করেন। ২ রান করা তাসকিনকে ফেরান উইলিয়ামস।
তবে একপ্রান্ত আগলে রেখে খেলেন শোয়েব মালিক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই শতরান পার করতে পারে চিটাগাং ভাইকিংস। শোয়েব মালিক একাই ৬৭ রান করে অপরাজিত থাকেন।
বিপিএলের অভিষেকেই ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন আফিফ হোসেন।
এআই





