খেলা শেষ করেই মাঠ থেকে ওঠার কথা ছিল। কিন্তু তা আর সম্ভব হয়নি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা জালাতান ইব্রাহিমোভিচের। খেলা শেষ হওয়ার আগেই চোট নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে তাকে। কিন্তু এখনে শেষ হলে ভাগ্য ভালোই ছিল। ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানালেন আরো হতাশার কথা। আগামী কয়েক সপ্তাহ মাঠে বাহিরে থাকতে হতে পারে তাকে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চেলসি-পিএসজি। প্রথম লেগের লড়াইয়ের ৬৮ মিনিটে পিএসজির প্রাণ ভোমরাকে মাঠ থেকে তুলে নেন কোচ লরেন্ট ব্রান্স। ততক্ষণে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।
নিজেদের মাঠে জয় পেলেও ভয় এখনো রয়ে গেছে। দ্বিতীয় লেগের লড়াই তো চেলসির মাঠে। অ্যাওয়ে ম্যাচে গোল করে সুবিধাজনক স্থান করে নিয়েছে ইংলিশ ক্লাবটি। এদিকে ইব্রার ইনজুরি দলের জন্য বড় একটি ধাক্কাই বটে। দ্বিতীয় লেগে যে তিনি খেলতে পারবে না তা ম্যাচ শেষে জানিয়ে দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট, 'দ্বিতীয় লেগে মাঠে নামতে পারবেন না ইব্রা।' বিইন স্পোর্টকে তিনি আরো বলেছেন, 'ইনজুরির কারণে ইব্রাহিমোভিচকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছে। কয়েক সপ্তাহের জন্য তাকে মাঠের বাহিরে থাকতে হবে।'
এদিকে কোচ লরেন্ট জানিয়েছে, 'জালাতানের পেশিতে ব্যথা ছিল। আমি নিশ্চিত নই, এটা হামস্ট্রিং অথবা মাশল সমস্যা কিনা। যথাসম্ভব তাকে সারিয়ে উঠানোর চেষ্টা করা হবে। কিন্তু কিছু দিন বিশ্রামে থাকতে হবে।'