জার্মান তারকা মারিও গোটশে জানিয়েছেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার জন্য তার পিছনে পিছনে ঘুরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা একটি ছবি আপলোড করে এ কথা জানালেন তিনি।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গোটশের একমাত্র গোলে মেসি ও তার দলকে হারিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি। সেদিন মারকানা স্টেডিয়ামে 'বীরত্ব' দেখিয়েছিলেন গোটশে। অথচ মারকানাতে ম্যাচ শেষে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের সঙ্গে ছবি তুলতে ঘুরেছিলেন এই জার্মান তারকা।
ছবিটিতে দেখা যায়, "জিনিয়াস@লিওমেসি" ক্যাপশন দিয়ে ম্যান অব দ্য ম্যাচ মেডেল গলায় ঝুলিয়ে ভারাক্রান্ত মেসির সঙ্গে দাঁড়িয়েছেন ২২ বছর বয়সী গোটশে।
দুই খেলোয়াড়ের ইমোশনাল অবস্থা দেখলে ছবির সময় নিয়ে প্রশ্ন জাগতে পারে। তবে গোটশে জানিয়েছেন, এটি সেই সময়েরই ছবি।
গোটশে বলেন, "আমি সত্য বলছি। আমি সম্মেলন কক্ষে ছিলাম এবং আমার ম্যান সেরার মেডেলটিও ছিল। আমি তাকে পিছন থেকে দেখলাম। তার সঙ্গে ছবি তোলার জন্য তার কাছে দৌড়ে গেলাম। এটাই ছিল আসল ঘটনা।"
তিনি আরো বলেন, "আমি মনে করি, প্রত্যেক ফুটবলার জানে যে এটা একটা গোল মিস করা বা খেলায় হেরে যাওয়া সব কিছু না। সব সময় আপনি জিততে পারবেন না।"
জেডআই





