বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে না খেললেও খোঁজ খবর রেখেছেন ভিনিসিয়ুস। স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখেছেন বলে গণমাধ্যমের খবর। তার দল ২-১ গোলে জয় নিশ্চিত করতেই বার্সাকে খোঁচা দেন ব্রাজিলিয়ান তারকা।

ক্লাসিকো জয়ের আনন্দ ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে উদযাপন করেছেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষ হতেই তিনি তিনটি হাসির ইমোজি দেন। মনে করা হচ্ছে, যারা এই প্রতীক্ষিত ম্যাচে বার্সাকে এগিয়ে রেখেছিলেন, তাদেরকে তিনি এই ইমোজি দিয়ে উপহাস করেছেন।

কয়েকটি গণমাধ্যমের খবর, ইয়ান দিওমান্দে দুর্দান্ত ফর্মে আছেন। এ কারণে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ভিনিসিয়ুসের দলে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। আর দুই ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা।

গতকাল এই জয়ে রিয়াল শীর্ষ দল বার্সার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান তিন পয়েন্টে নামিয়েছে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট কাতালানদের। সমান খেলে ২৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে দুই দলের মাঝে অবস্থান করছে।

এমএম