ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন। যিনি ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলে ১০৬ ম্যাচে ৪৯টি গোল করেছিলেন। যা তাকে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। তার এই রেকর্ডটি গেল ৪৫ বছরে কেউ ছুঁতে পারেনি। ৪৫ বছরের পুরনো সেই রেকর্ডটি গেল রোববার ছুঁয়ে ফেলেন ওয়েন রুনি।
আর মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করে ছাড়িয়ে যান সবাইকে। হয়ে যান ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ডের হয়ে রুনির এখন মোট গোল ৫০টি।
সুইজারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার গোল পেতে বেশ সময় নেয় ইংল্যান্ড। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮ মিনিটে ইংলিশদের হয়ে গোদের দেখা পান হ্যারি। এরপর ৮৩ মিনিটে পর্যন্ত আর কোনো গোল হয় না। সবাই ধরেই নিয়েছিল ববি চার্লটনের রেকর্ড ভাঙতে হয়তো আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে রুনি। অক্টোবরের এস্তোনিয়ার বিপক্ষে ওয়েম্বলিতে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের। সেখানেই হয়তো রেকর্ডটি ভাঙতে পারবেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক। কিন্তু না। অপেক্ষার পালাটা অতোটা দীর্ঘায়িত হয়নি।
৮৪ মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর পেনাল্টি থেকে কাঙ্খিত গোলের দেখা পান রুনি। তার এই গোলে ভর করে ইংল্যান্ড জয় পায় ২-০ গোলে। আর রুনি হয়ে যান ইতিহাস।
ববি চার্লটনের রেকর্ড ভাঙায় অক্টোবর মাসের ৯ তারিখ রুনিকে সংবর্ধনা ও সম্মাননা দেবে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
কেএইচ





