২০১৩ সালের নভেম্বরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করেছিল বাংলাদেশ। এবার সেই মাঠেই শ্রীলংকার বিপক্ষে ধবল ধোলাই হওয়ার পথে তারা। তৃতীয় ওয়ানডেতে হারলেই সেটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ কি অন্তত শেষ ম্যাচে জয়ের মুখ দেখবে? প্রশ্নটি বাংলাদেশের হাজারো ক্রিকেটপ্রেমীদের মনে। তবে উত্তরটির জন্য তাদের অপেক্ষা করতে হবে আরো একদিন। আগামীকাল শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১টায় শুরু হবে তাদের শেষ লড়াই।
শ্রীলংকার বিপক্ষে সর্বপ্রথম ১৯৮৬ সালে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তারপর এখন পর্যন্ত মোট ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে তারা। কিন্তু সিংহদের বিপক্ষে টাইগারদের জয়ের রেকর্ডটি বেশি ভালো নয়। দীর্ঘ এই লড়াইয়ে মোট ৪ বার জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৩০ বার। বাকিটি পরিত্যক্ত।
লংকানদের বিপক্ষে প্রথম জয়টির জন্য লাল-সবুজ বাহিনীদের সাধনা করতে হয়েছে ২০ বছর। দুই দলের ১৬ তম লড়াইয়ে প্রথম জয়ের মুখ দেখে বাংলাদেশ। ২০০৬ সালে বগুড়ার মাটিতে ৪ উইকেটে জিতেছিল তারা।
এরপর ফের অপেক্ষার পালা। পার হয়ে যায় আটটি ম্যাচ। প্রথম জয়ের পর নবম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পায় তারা। তবে সাম্প্রতিক পরিসংখ্যানটা আগের চেয়ে অনেকটা ভিন্ন। চলতি সিরিজের আগে ২০১৩ সালে শ্রীলংকার মাটিতে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচটিতে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচটি ড্র করে। শেষ ম্যাচটিতে জয় নিয়ে সিরিজটিও ড্র করে তারা।
এশিয়া কাপের আগে এই লড়াইয়েও আশার আলো দেখেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই জয়ের স্বপ্ন দেখে শেষ বলে হেরে যায় তারা। এরপর প্রথম ওয়ানডেতে জয়টি যেন ছিল হাতের মুঠোয়। কিন্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতায় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুশফিকদেরকে। দ্বিতীয় ওয়ানডেতে লংকানদের বড় স্কোর তাড়া করতে ব্যর্থ হয়ে সিরিজটিও হাতছাড়া করে। এবার শেষ ম্যাচে কি হয়, সেটা দেখার অপেক্ষা...