২০০৫ সাল থেকে শিরোপা খরায় ভুগছিল আর্সেনাল। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি। শেষ সুযোগ হিসেবে ছিল এফএ কাপের ফাইনাল ম্যাচ। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচটিতেও শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে তারা। অবশেষে অতিরিক্ত সময়ে গোল করে হালসিটিকে ২-৩ গোলে হারিয়ে শিরোপা খরা কাটাল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার শুরুতেই সমর্থকদেরকে হতাশ করে আর্সেনালের খেলোয়াড়রা। খেলা শুরু মাত্র ৮ মিনিটের মধ্যেই দুটি গোল হজম করে দলটি। খেলার চতুর্থ মিনিটে জেমস চেস্টারের গোলে এগিয়ে যায় হালসিটি। এর চার মিনিট পর কুর্তিস ডেভিসের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ হয় টাইগারদের।
তবে ১৭ মিনিটে লম্বা শটে সান্তি কাজোরলা ব্যবধান কমান। ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় গানারদের। অবশেষে ৭১ মিনিটে লরেন্ত কোসিয়েনির গোলে সমতায় ফেরে তারা।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ গোলে। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সুযোগটি কাজে লাগাতে পারে আর্সেনাল। খেলার ১০৮ মিনিটে অলিভার গিরোডের ব্যাকহিল থেকে দুর্দান্ত এক গোল করেন গানারদের ওয়েলস তারকা অ্যারন রামসে।
এদিকে শুরুতে চমক দেখালেও বাকি খেলায় আর কোনো গোল করতে পারেনি স্টিভ ব্রুসের দল। অতিরিক্ত সময় ফাঁকা জাল পেয়েও গোলের সুযোগ নষ্ট করেছিল তারা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় হাল সিটির। আর দীর্ঘ নয় বছর পর প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়ে আনন্দ উল্লাস করে আর্সেনাল।
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
অবশেষে শিরোপার স্বাদ পেল আর্সেনাল
২০০৫ সাল থেকে শিরোপা খরায় ভুগছিল আর্সেনাল। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি।





