বিশ্বকাপের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত। এডিলেডে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে অসিদের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে নিজেদের মাটিতে গত বিশ্বকাপ জয়ী দলটি।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তান্ডবে বড় রানের ভিত পেয়ে যায় অসিরা। মাত্র ৮৩ বল মোকাবেলা করে ১০৪ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তার ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা হাঁকান ওয়ার্নার।
ওয়ার্নার ফিরে গেলেও, মিডল-অর্ডারে দলকে রানের পাহাড়ে তুলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ছয় নম্বরে ব্যাটিং-এ নেমে দ্রুতগতিতে রানের বন্যা বইয়েছেন তিনি। ১১টি চার ও ৮টি ছক্কায় ৫৭ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আহত অবসরে যান সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ম্যাক্সওয়েল। ফলে ৪৮ দশমিক ২ বলে ৩৭১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৩ উইকেট নেন।
জবাবে নিজেদের ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। তারপরও অফ-ফর্মে থাকা ওপেনার শিখর ধাওয়ান নিজের ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সেড়েছেন। ৭১ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাটিং অনুশীলন সেড়েছেন আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইদু। দু’জনই করেছেন হাফ-সেঞ্চুরি। রাহানে ৫২ বলে ৬৬ ও রাইদু ৪২ বলে ৫৩ রান করেন।
এছাড়া বিরাট কোহলি ১৮, রবীন্দ্র জাদেজা ২০ ও অধিনায়ক ধোনি শূন্য রানে ফিরেন। অস্ট্রেলিয়ার পক্ষে ৩ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। আগামী ১০ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ভারত নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ১১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
জেডআই





