ব্যাটসম্যান মুমিনুল হকের নেতৃত্বে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। মঙ্গলবার ভারত সফরের জন্য ১৫ সদস্যের 'এ' দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের অধিনায়ক মুমিনুলের সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের অল রাউন্ডার নাসির হোসেন।
১৫ জনের দলে ১৪ জনেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। নতুন শুধু বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব।
৫ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ ছাড়া জাতীয় দল বা এর আশেপাশের প্রায় সবাই আছেন দলে।
১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। সফরে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দুটি তিন দিনের ম্যাচ খেলবেন মুমিনুলরা। একটি তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ বর্তমান রঞ্জি চ্যাম্পিয়ন কর্নাটক, বাকি সব ম্যাচের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।
দুই সংস্করণের খেলা হলেও একটি দলই পাঠাচ্ছে বিসিবি। প্রধান নির্বাচক ফারুক আহমেদ দল গড়ার পরই বলেছিলেন, দুই সংস্করণের উপযোগি ক্রিকেটারদেরই রেখে ভারসাম্য পূর্ণ দল গড়া হয়েছে।
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), এনামুল হক, রনি তালুকদার, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরি ও জুবায়ের হোসেন।
জেডআই





