ইংল্যান্ড নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসা হিথের নাইট।
গত মাসে বিশ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আগের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। তার জায়গায় এবার নাইটের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০১৪ সাল থেকে এডওয়ার্ডসের ডেপুটি হিসেবে কাজ করে আসছিলেন ২৫ বছর বয়সী নাইট।
ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বলও করতে পারেন নাইট। ইংল্যান্ড নারী দলের হয়ে এখন পর্যন্ত ৫টি টেস্ট, ৫৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
নারীদের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসকে নেতৃত্ব দিয়েছেন নাইট। আগামী জুলাইয়ে ইংল্যান্ডে শুরু নারীদের সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন ওয়েস্টার্ন স্ট্রোমকে।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে নেতৃত্বের যাত্রা শুরু হবে তার, যেটা শুরু হবে আগামী ২০ জুন।
এফএফ





