শেষ পর্যন্ত হয়তোবা তিক্ত পরিবেশে ওয়াকার ইউনিসকে পাকিস্তান দলের প্রধান কোচের পদ ছাড়তে হয়েছে। তবে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তার দাবি অনুযায়ী জাতীয় দলের গঠনে পরিবর্তন আনতে যাচ্ছে।
ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই পাকিস্তান দল বিদায় নেয়ার পর দারুণ সমালোচনার মুখে প্রধান কোচ ওয়াকার ও অধিনায়কের পদ থেকে শহীদ সরে দাঁড়ান। এমনকি নির্বাচক কমিটিও বাতিল করা হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট ইনজামাম-উল-হককে প্রধান নির্বাচক হওয়ার হওয়া প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। বোর্ডের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন ওয়াকার।
পাকিস্তান ক্রিকেটের উন্নতির লক্ষ্যে ২০১৫ বিশ্বকাপের পরই তিনি যে সকল সুপারিশ করেছিলেন তার মধ্যে এটিই ছিল অন্যতম।
ইনজামামের প্রতি সমর্থন জানিয়ে গতকাল টুইট করেছেন ওয়াকার। ওয়াকার বলেন, ‘ইনজামাম প্রধান নির্বাচক হিসেবে আসছে, খুব ভালো সংবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে, পিসিবি ২০১৫ সালে আমার করা সুপারিশগুলো শুনছে। কখনো না হওয়ার চেয়ে দেরিতে হওয়াটা ভালো।’
দুই বছরের চুক্তিতে বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালনরত ইনজামাম প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব বিবেচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৭ সাল আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে।
তবে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে আফগানদের নজর কারা পারফরমেন্সের পর দলটি ছেড়ে তিনি আসবেন কিনা- তা নিশ্চিত নয়।
এমআইএস।





