জয়ের স্বপ্ন দেখা পাকিস্তানকে সারা দিন ফিল্ডিং খাটিয়ে খুলনা টেস্ট ড্র করল বাংলাদেশ। আর ম্যাচশেষে টাইগার দলের দুই কান্ডারী তামিম ইকবাল ও ইমরুল কায়েসের প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক মিজবাহ উল হক।

শনিবার ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় পাকিস্তানের অধিনায়ক জানান, চতুর্থ দিনের শেষ দুই সেশনে উদ্বোধনী দুই ব্যাটসম্যানের নৈপুণ্যে ম্যাচ বাঁচিয়ে ফেলে বাংলাদেশ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিনে ২৬৭ রান নিয়ে অপরাজিত থাকেন দুই ওপেনার তামিম ও ইমরুল। শেষ পর্যন্ত ইমরুলের ১৫০ ও তামিমের ২০৬ রানে ম্যাচটি ড্র করে বাংলাদেশ।

মিজবাহ বলেন, “এটা স্লো উইকেট ছিল এবং ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তামিম এবং ইমরুল তাদের ব্যাটিং উপভোগ করেছে।”

তিনি আরো বলেন, “সব কৃতিত্ব বাংলাদেশের। চতুর্থ দিনের শেষ দুই সেশনে তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান যেভাবে ব্যাটিং করেছে..ওটাই তাদের জন্য ম্যাচ বাঁচিয়ে দেয়।”

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

জেডআই