ইতিহাস গড়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল লেস্টার সিটি। অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের বিপক্ষে অনেকটা সময় লড়াই করতে হলেও জেমি ভার্ডির নৈপুণ্যে ঠিকই প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ক্লদিও রানিয়েরির দল। রবিবার প্রিমিয়ার লিগের ৩৩তম রাউন্ডের ম্যাচটি ২-০ গোলে জেতে লেস্টার।

দুটি গোলই করেন ইংলিশ স্ট্রাইকার ভার্ডি। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই অন্য কোনো হিসাব ছাড়াই প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা জিতবে তারা। শুধু তাই নয় রাতের অন্য ম্যাচে টটেনহ্যামের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারে ক্লদিও রানিয়েরির চমক জাগানো দলটির শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হয়ে গেল। টানা চার ম্যাচ একমাত্র গোলে জেতার পর এবার দ্বিগুণ ব্যবধানে জিতল দলটি। এরই সঙ্গে আট ঘণ্টা ১০ মিনিট নিজেদের জাল অক্ষত রাখল তারা।

এদিকে সাত মিনিটের মধ্যে তিনবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার্স। রবিবারের ৩-০ গোলের এই জয়ে লেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে রেখে শিরোপা স্বপ্ন ধরে রাখলো টটেনহ্যাম।

৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৫। এর আগে দিনের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে লেস্টার সিটি। অপর ম্যাচে স্টোক সিটিকে ৪-১ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। নবম স্থানে নেমে যাওয়া স্টোকের পয়েন্ট ৩৩ ম্যাচে ৪৭। গোল.কম।

এআই