লা লিগায় পর পর দুই ম্যাচে হেরে যাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। কিন্তু তার শিষ্যরা মাঠেই সমালোচনার জবাব দিলেন। এবার ভাষায় জবাব দিলেন আনচেলোত্তি। জানিয়েছেন, এক সপ্তাহে ১৩ গোল করেছে রিয়াল মাদ্রিদ। এরপরও দল কিভাবে ভারসাম্যহীন।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বাসেলের জালে পাঁচ বার বল জড়িয়েছে বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর শনিবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে করেছে আট গোল। ফলে মাত্র দুই ম্যাচেই ১৩ গোল করেছে রোনালদোরা।

শনিবারের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করেছেন গ্যারেথ বেল ও হাভিয়ের হার্নান্দেজ। এদিকে ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রদ্রিগেজও করেছেন এক গোল।

এই ম্যাচ শেষে কোচ আনচেলোত্তি বলেছেন, "আমাদের দলে রয়েছে বিস্ময়কর খেলোয়াড়রা। যারা আজ ভালভাবেই সমন্বয় করতে পেরেছে। এটাই খেলার সৌন্দর্য।"

ইতালিয়ান কোচ আরো বলেন, "আমরা যে সমস্যাটি ঠিক করেছি, সেটি কোনো পয়েন্ট না। মৌসুমের এখনও অনেক সময় বাকি রয়েছে। দুই ম্যাচে ১৩ গোল করা প্রমাণ করে যে আমরা ভালোভাবেই জবাব দিয়েছি। তবে আমাদের এটা আরো উন্নতি করতে হবে।"

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই