বার্সেলোনার অভিজ্ঞ মিডফিল্ডার জাভি বলেছেন, এবারের গ্রীষ্মে কাতালান ক্লাবে থেকে যাবার সিদ্ধান্ত সঠিক ছিল। একইসঙ্গে তিনি আরো দাবী জানিয়েছেন যে তিনি কখনই রিয়াল মাদ্রিদে যোগ দেবার বিষয়টি বিবেচনা করেননি।
এবারের মৌসুমের শুরুতেই ক্যাম্প ন্যু ছেড়ে যাবার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছিলেন ৩৪ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ তারকা। কিন্তু শেষ পর্যন্ত কোচ লুইস এনরিকের কারণে তার আর কাতালান ক্লাব ছাড়া হয়নি।
এখনো ক্লাবে তার প্রয়োজন আছে বলেই এনরিকে তাকে আশ্বস্ত করেছেন। দলে নিজের জায়গা ধরে রাখা বেশ কঠিন মেনে নিয়েও সাবেক এই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার জানিয়েছেন এবারের মৌসুম শেষ হবার পরেও ফুটবল ছাড়ার কোন ইচ্ছা তার নেই। তবে শেষ দল হিসেবে রিয়ালে যোগ দিতে পারলে বিষয়টি মন্দ হবে না বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন,‘বার্সেলোনায় আমি খুব ভাল আছি। মাদ্রিদে গেলে আমি খুশি হতে পারতাম না। আমি বার্সেলোনার ছেলে, এটাই সত্যি। আমি কারো সাথে প্রতারণা করতে পারিনা। যেখানে আমার জন্ম সেখানেই থাকার জন্য আমি সবসময়ই স্বপ্ন দেখেছি। এক্ষেত্রে আমি বেশ সৌভাগ্যবান। ফুটবল আমার জীবন, বার্সেলোনা ছেড়ে যাবার কোন ইচ্ছাই আমার নেই।'
জেডআই





