সম্প্রতি মাথায় বরফের পানি ঢালার চ্যালেঞ্জ গ্রহণ করা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বখ্যাত অনেক তারকাই এই চ্যালেঞ্জ নিয়েছেন। এতে বাদ গেলেন না সদ্য ইনজুরি থেকে সেরে ওঠা বার্সেলোনা ও ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার। মাথায় এক বালতি বরফের পানি ঢেলে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।
নেইমারকে মাথায় পানি ঢালার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তার ব্রাজিলীয় সতীর্থ মার্সেলো। এরপর চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের মাথায় পানি ঢালেন নেইমার। সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে আপলোড করেন তিনি। সেই সঙ্গে পরিচালক নিলাল হোরান, রবিনহো এবং ডিফেন্ডার হুয়ান জুনিগাকে চ্যলেঞ্জ ছুড়ে দেন তিনি। বিশ্বকাপে জুনিগাই নেইমারকে আঘাত করেছিল।
মূলত এই প্রতিযোগিতা শুরু হয় যুক্তরাষ্ট্রে। 'মোটর নিউরোন রোগ' বা 'লু গেরিগ রোগ’সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এই রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য এই প্রতিযোগিতা শুরু করা হয়েছে।
এই প্রতিযোগিতায় কোনো সেলিব্রেটি বা তারকাকে বরফের পানিতে নিজেকে ভিজিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হয়। আর যারা এই চ্যালেঞ্জ নিতে অস্বীকৃতি জানাবেন, তাদের অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলেরোসিস (এএলএস) সংস্থায় অর্থ সাহায্য করতে হবে। ওই রোগটির বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্রের সংস্থা-এএলএস।
ইতোমধ্যে ১৩.৩ মিলিয়ন ইউরো অর্জন করেছে সংস্থাটি। গত বছর এরকম প্রতিযোগিতা থেকে ১.৭ মিলিয়ন ইউরো পেয়েছিল তারা।
বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এবং তারা ওই সংস্থাটি সাহায্য করছেন। সেই সঙ্গে রোগটি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছেন। ইতোমধ্যে, ক্রিস্টিয়ানো রোনালদোসহ বেশ কয়েকজন তারকা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
লিংক:https://www.youtube.com/watch?feature=player_embedded&v=aWGeQgVkIUo
ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





