ব্রাজিল বিশ্বকাপের নক আউট পর্ব একদিন আগেই শুরু হয়েছে। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ দুটিতে জয়ের নায়ক হিসেবে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন ব্রাজিলের জুলিও সিজার ও কলম্বিয়ার জেমস রদ্রিগেজ।
নক আউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ব্রাজিল ও চিলি। দুর্দান্ত লড়াইয়ে ১-১ গোলে শেষ হয় মূল লড়াই। অতিরিক্ত সময় গোল না হওয়ায় ম্যাচটি টাই ব্রেকারে শেষ হয়। এতে দুর্দান্ত ছিলেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। চিলির প্রথম দুটি পেনাল্টি শটই ফিরিয়ে দেন তিনি। দলকে এগিয়ে দেন ২-০ গোলে। তবে ব্রাজিলের কিক করা একটি বল গোলপোস্টের বাহিরে চলে যায়। অন্যটি চিলির গোলরক্ষক ফিরিয়ে দিলে সমতায় ফিরে যায় তারা। শেষ পর্যন্ত ৩-২ গোলে পরের রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল। তবে দুটি বল ফিরিয়ে দিয়ে ব্রাজিলের নায়ক হয়েছেন গোলরক্ষক সিজার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
এদিকে দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। সুয়ারেজবিহীন উরুগুয়েকে লজ্জায় ডুবিয়েছে জেমস রদ্রিগেজ। দলের জয়ে দুটি গোলই করেছেন তিনি। সেই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার জায়গাটি দখল করে নিয়েছেন। গত ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন এখন পর্যন্ত পাঁচ গোল করা এই স্ট্রাইকার।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই





