প্রতিবাদ জানাতে মানুষ কত ধরনের পন্থাই না বেঁছে নেয়। কিন্তু, অর্ধনগ্ন হয়ে এই প্রতিবাদের বহর এমনই যে চারিদিকে হাসির রোল উঠেছে।
কোনও জিনিস পছন্দ না হলে আমরাও প্রতিবাদ করি। তাই বলে অলিম্পিক্সের মতো আসরে এমন প্রতিবাদ কবে ঘটেছে তা ঠিকমতো কেউই স্মরণ করতে পারছেন না।
রিও অলিম্পিক্সে ৬৫ কেজি কুস্তিতে ব্রোঞ্জপদক জয়ের লড়াইয়ে নেমেছিলেন মঙ্গোলিয়ার গঞ্জোরিগিন মান্দাখারান এবং উজবেকিস্তানের ইখতিয়র নাভরুযোভ।
ম্যাচ শেষ হতেই মঙ্গোলিয়ার কুস্তি দলের দুই কোচ ম্যাটে উঠে সেলিব্রেশন জুড়ে দেন। তাঁরা মনে করেছিলেন মঙ্গোলিয়ার কুস্তিগির মান্দাখারানই ব্রোঞ্জপদক জিতে নিয়েছেন।
কিন্তু,কিছুক্ষণ পরে মঙ্গোলিয়ার দুই কোচের ভুল ভাঙান বিচারকরা। তাঁরা জানিয়ে দেন পেনাল্টি পয়েন্টে ব্রোঞ্জপদক জিতেছেন উজবেক কুস্তিগির নাভরুযোভ। এর পরই ম্যাটের উপর দাঁড়িয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে নিজেদের জামাকাপড় খুলে দেন দুই মঙ্গোলিয়ান কোচ।
একজন নিজের জামা খুলে ফেলেন। অন্যজন প্যান্ট ও জামা খুলে অন্তর্বাস পরে ম্যাটের উপর দাঁড়িয়ে পড়েন।
প্রতিযোগী দেশের দুই কোচের এমন অভিনব প্রতিবাদ আগে কখনও ঘটেছে কি না তা সহজে স্মরণ করা যাচ্ছে না। তবে, মঙ্গোলিয়ার দুই কোচের কীর্তি সোশ্যাল মিডিয়ায় এখন বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
এসএম





