এটিপি ওয়ার্ল্ড ট্যুরের গ্রুপ-এ’র শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে পরাজিত করার মধ্য দিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করা নিশ্চিত করেছেন বর্তমান শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এই নিয়ে গত চার বছরে তিনবারের মত এই সার্বিয়ান তারকা এক নম্বরে থেকে বছর শেষ করলেন।
চলমান এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কিংবা আগামী সপ্তাহে ডেভিস কাপের ফাইনালের ফলাফল এখন আর র্যাঙ্কিংয়ের অবস্থান পরিবর্তনে কোন ভূমিকা রাখবে না। যদিও ডেভিস কাপে রজার ফেদেরারের নেতৃত্বে সুইজারল্যান্ডের দিকে সকলের চোখ এখন আটকে আছে।
শুক্রবার ২৭ বছর বয়সী জকোভিচ ৭০ মিনিটের ম্যাচে ৬-২, ৬-২ গেমে বার্ডিচকে পরাজিত করে সেমিফাইনালে উঠেন। বছরের শেষ এই টুর্নামেন্টের আটবার অংশ নিয়ে এই নিয়ে পঞ্চমবারের মত সেমিফাইনাল নিশ্চিত করলেন সার্বিয়ান এই তারকা। এই নিয়ে টানা ১১ বছরের মত জকোভিচ, ফেদেরার কিংবা রাফায়েল নাদালের মধ্যেই বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি আবদ্ধ থাকলো। টেনিসের ইতিহাসে টানা এত বছর শীর্ষ স্থানে থাকার রেকর্ড আর কোন ত্রয়ীর নেই।
জেডআই





