সারা জীবন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাটাতে চান না ড্যারেন লেহম্যান। অস্ট্রেলিয়ার সাবেক এই আন্তর্জাতিক ক্রিকেটার মনে করেন তার বর্তমান এই দায়িত্বে তিনি দীর্ঘসময় ধরেও থাকতে চাননা। ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে পিটার মুরকে আস্মিকভাবে বরখাস্ত এবং অসম্মানজনকভাবে বিদায় দেয়ার প্রেক্ষাপটে মন্তব্য করতে গিয়ে অসি কোচ আরো বলেছেন যে মেয়াদকাল পুর্ন হবার সঙ্গে সঙ্গে নিজ দায়িত্বেই তিনি সরে যাবেন।
ক্রিকেট.কম.এইউকে দেয়া সাক্ষাৎকারে লেহম্যান বলেন, ‘আপনার পরিবারটি যদি কম বয়সি হয় তাহলে এই কাজ চালিয়ে নেয়া কঠিন। কারণ তাদেরকে স্কুলে আনা নেয়া করা এবং টুকিটাকি বিষয় থেকে যায়। তবে সারা বিশ্বে এটি হচ্ছে সেরা চাকরি। অন্তত ২০ থেকে ৩০ বছর আপনি অনায়াসেই এই কাজটি করে যেতে চাইবেন। তবে আপনি ভাববেন না যে এটি আপনি করতে পারবেন। আমি মনে করি কখনো খেলোয়াড়দের জন্য পরিবর্তন প্রয়োজন হবে। তাই আজীবন আমি এটি করে যেতে পারবনা। আশা করছি আমিও তাই নিজ উদ্যোগেই এখান থেকে সটকে পড়ব। এটি ঠিক যে আমরা হয়তো কিছুটা ভাল খেলছি, সবকিছুই ঠিকঠাকভাবে হচ্ছে। তবে কখন যে আপনি একাধারে কয়েকটি ম্যাচ হেরে যাবেন, তা বুঝতেই পারবেন না। তখনই আপনাকে চাপের মধ্যে পড়ে যেতে হবে। এবং এটিই স্বাভাবিক একটি নিয়ম।’
ইংল্যান্ডে স্বাগতিক দলের বিপক্ষে এ্যাশেজ সিরিজে অস্ট্র্রেলিয়া দলের বাজে খেলার প্রেক্ষিতে তৎকালীন কোচ মিকি আর্থারকে হটিয়ে ২০১৩ সালের জুনে কোচের দায়িত্ব লেহম্যানের হাতে তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কোচ হিসেবে লেহম্যান কাজ শুরু করার পর থেকেই সব ফর্মেটের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করতে থাকে অস্ট্রেলীয় দল। এসময় এ্যাশেজ সিরিজ পুনরুদ্ধার করা ছাড়াও টেস্ট সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে পরাজিত করা এবং ৫ম বারের মত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা ঘরে তুলে অসি দলটি। লেহম্যানের এই যাদুকরি সফলতার কারণে সিএ লেহম্যানের চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়ে যায়। যেটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।
অনেকেই মনে করেন লেহম্যান তার প্রশিক্ষণ পদ্ধতি ভিন্ন ভিন্ন ফর্মেটে ছড়িয়ে দিতে নারাজ। বিভিন্ন দল বছর জুড়ে প্রধান কোচকে সহায়তা করার জন্য বিভিন্ন মানের সহকারী কোচ ও স্টাফ নিয়োগ করে থাকে। তবে লেহম্যান এই ধরনের প্রচেষ্টা খুব একটা পছন্দ করেন না। তিনি বলেন, ‘ভিন্ন ধরনের আন্তর্জাতিক কোচের কার্যক্রম আমি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে দেখেছি। তাদের মতেও এই ধরনের পরিবর্তনের কাজটি সঠিক নয়। প্রধান কোচ হিসেবে ওই পথ ধরাটাকে তারাও ভাল মনে করেন না। তবে সুনির্দিষ্ট একজন সহকারীর মাধ্যমে পরিকল্পিতভাবে একই কাজটা করা বেশি ভাল। এর ফলে পদ্ধতির স্থায়িত্ব থাকে।’
অসি কোচ বলেন, বভিষ্যতে অন্য দলকে কোচিং করালেও তিনি কিছু মনে করবেন না। তবে এই মুহূর্তে তার পরিকল্পনায় এমন কিছু নেই। লেহম্যান বলেন, ‘আপনি কখনো অমুক কাজটি করবেন না বলতে পারেন না। এই মুহূর্তের ভুমিকাটি আমি বেশ উপভোগ করছি। আমি যখন প্রশিক্ষণ শুরু করেছিলাম তখন ভূমিকাটি নির্ধারণ করিনি। তবে এই মুহূর্তে কাজটির প্রেমে পড়ে গেছি আমি। আর কিছুটা সফলতা পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।
তবে এটি সম্ভব হচ্ছে ভাল খেলোয়াড় পাবার কারণে। খেলোয়াড়রা বেশ মেধাবী। তারা মেধা খাটিয়ে নিজেদের ভেতর থেকে সেটিই বের করে আনছে যেটি আমরা বের করার চেষ্টা করছি। এ জন্য সব প্রশংসা পাবার দাবীদার তারাই। বিগত পুরো সময় জুড়েই তারা বৈচিত্র্যপূর্ণ পারফর্মেন্স প্রদর্শন করেছে। এমন খেলোয়াড়দের কারণেই আমার সামান্য সহায়তায় সেরাটা উপহার দিতে সক্ষম হচ্ছে। এজন্য আমি তাদের প্রতি সন্তুষ্ট। আমার দৃষ্টিকোন থেকে যদি বলতে হয় তাহলে বলব যে প্রতিটি সিরিজেই পরিস্থিতি মোতাবেক আলাদা আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
জেডআই





