একটি দুঃসংবাদ নিয়েই কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ করল ব্রাজিল। দলের প্রাণভোমরা নেইমারের বিশ্বকাপ শেষ! ঈশ্বরের আশীর্বাদ ছাড়া টুর্নামেন্টে ফেরা হয়তো তার জন্য অসম্ভবই বটে।
তবে স্বাগতিকরা পর্বটা শেষ করেছে জয় দিয়েই। শুক্রবার রাতে কলম্বিয়াকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। সেমিফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ জার্মানি।
একই রাতে ইউরোপীয় যুদ্ধে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানরা। ম্যাচে একমাত্র গোলটি করেন ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া ম্যাটস হুমেলস। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে পাওয়া বলটি ফরাসিদের জালে জড়ান তিনি।
২০১০ সালেও জার্মানি সেমিফাইনাল খেলেছে। এবার ফাইনালে উঠতে হলে সেমিতে ব্রাজিলকে হারাতে হবে। তাদের জন্য এটি অসম্ভব নয়। কেননা জোয়েকিম লোর দলের মধ্যে রয়েছে ভারসাম্য।
প্রতিটি ম্যাচেই নতুনত্ব নিয়ে আসছেন মুলার-ওজিলরা। আগামী ৯ জুলাই (বুধবার) বেলো হরিজন্তে একে অপরের মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি জার্মানি ও ব্রাজিল।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





