সিলেট পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয় পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চা-নগরীতে রাজশাহী দুই ম্যাচ খেলে জয়শূন্য থাকলেও ঢাকায় এসেই জয়ের খাতা খুলেছে তারা। আজ কুমিল্লা-রাজশাহী ম্যাচে টানা দ্বিতীয় জয়টা আরাধ্য দুই দলেরই।

টসে জিতে এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করছে কুমিল্লা। আরাফাত সানি আর মোহাম্মদ নবীর স্পিন দিয়ে বোলিং আক্রমণ শুরু করা কুমিল্লা চাচ্ছে মিরপুরের স্পিন-বান্ধব উইকেটের পূর্ণ সদ্ব্যবহার করতে। রাজশাহী আগের দিনের ব্যাটিং পারফরম্যান্স ধরে রেখে কুমিল্লাকে চ্যালেঞ্জটা জানাতে চাচ্ছে বড় করেই। আজও ড্যারেন স্যামির বদলে রাজশাহীর অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখার সময় রাজশাহীর শুরুটা খুব ভালো হয়নি। ৩.৩ ওভারে ২৩ রান তুলতেই মুমিনুল হকের উইকেট হারিয়েছে তারা। নবীর বলে তুলে মারতে গিয়ে মিড অফে তাঁর ক্যাচ নিয়েছেন বাটলার।
দুই দলে যাঁরা খেলছেন

রাজশাহী কিংস : লেন্ডল সিমন্স, মুমিনুল হক, রনি তালুকদার, ম্যালকম ওয়ালার, মুশফিকুর রহিম, জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, নিহাদউজ্জামান, মোহাম্মদ সামি, কেসরিক উইলিয়ামস ও ফরহাদ রেজা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : লিটন দাস, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল-আমিন হোসেন।