তিলকারত্নে দিলশানের ঝড়ো ব্যাটিং-এ বিশ্বকাপ সুপার টেনে শ্রীলঙ্কার কাছে হার মেনেছে আফগানিস্তান।বৃহস্পতিবার আফগানিস্তান ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কার কাছে।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে আফগানিস্তান। জবাবে ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়া করতে নেমে দিনেশ চান্দিমালের সঙ্গে ৪১ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন দিলশান। ষষ্ঠ ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত ফিরে যান তিন নম্বর ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে।
দুই অঙ্কে পৌঁছেই থিসারা পেরেরা ও চামারা কাপুগেদারার রান আউট দলকে চাপে ফেলে দেয়। কিন্তু এক প্রান্তে অবিচল ব্যাটিং করা দিলশান প্রভাব দলের ওপর এর কোনো পড়তে দেননি।
ম্যাচ সেরা দিলশান অপরাজিত থাকেন ৮৩ রানে। তার ৫৬ বলের ইনিংসটি ৮টি চার ও তিনটি ছক্কা সমৃদ্ধ। দিলশানের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি উপহার দেওয়া অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলেন ১০ বলে ২১ রানের বিধ্বংসী ইনিংস।
এর আগে শুরুতেই মোহাম্মদ শাহজাদকে হারানো আফগানিস্তান প্রতিরোধ গড়ে নুর আলি জারদান ও আসগর স্তানিকজাইয়ের ৩২ রানের জুটিতে। তবে সাত রানের মধ্যে তিন উইকেট হারিয়ে আবার চাপে পড়ে আইসিসির সহযোগী দেশটি।
সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে ৬১ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় স্তানিকজাই। সামিউল্লাহকে (১৪ বলে ৩১ রান) ফিরিয়ে ৫.৩ ওভার স্থায়ী সেই জুটি ভাঙেন নুয়ান কুলাসেকারা।
এরপর প্রায় একাই খেলেন আফগানিস্তানের অধিনায়ক স্তানিকজাই। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৬২ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। তার ৪৭ বলের ইনিংসটি ৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো।
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা ৩৩ রান খরচায় নেন ৩ উইকেট। এছাড়া অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ দুই উইকেট নেন ২৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ২০ ওভার ১৫৩/৭ (শাহজাদ ৮, নুর আলি ২০, স্তানিকজাই ৬২, সাদিক ০, নবি ৩, সামিউল্লাহ ৩১, শফিক ৫, দৌলত ৫*, নাজিব ১২*; থিসারা ৩/৩৩, হেরাথ ২/২৪, ম্যাথিউস ১/১৭, কুলাসেকারা ১/৪৩)
শ্রীলঙ্কা : ১৮.৫ ওভারে ১৫৫/৪ (চান্দিমাল ১৮, দিলশান ৮৩*, থিরিমান্নে ৬, থিসারা ১২, কাপুগেদারা ১০, ম্যাথিউস ২১*; নবি ১/২৫, রশিদ ১/২৭)
ম্যাচ সেরা : তিলকারত্নে দিলশান।
এমআইএস।





