প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাটিং ধ্বস নামা শ্রীলঙ্কা দলকে লিড এনে দিয়েছেন চান্দিমাল। তার সেঞ্চুরিতে বড় হারের হাত থেকে রক্ষা পাওয়ার স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

শুক্রবার গল টেস্টের তৃতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময় ৩১৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। এতে ১২৬ রানের লিড নিয়েছে তারা। ক্রিজে আছেন চান্দিমাল (১২৫) ও হেরাথ (১)।

এদিন দলীয় ৫ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল ৮ উইকেট। তবে দিনের শুরুতে রানের খাতা খোলার আগেই প্রাসাদ মাঠ থেকে বিদায় নিলে মহাচাপে পড়ে যায় লঙ্কানরা।

সাঙ্গাকারা ও ম্যাথুজ প্রাথমিক বিপর্যয়ে থেকে দলকে উদ্ধার করেন। তাদের জুটি থেকে আসে ৮৭ রান। কিন্তু ৪০ রান করা সাঙ্গাকারা সাজঘরে ফেরার পর দলীয় খাতায় তিন রান যোগ হতেই বিদায় নেন ম্যাথুস (৩৯)।

শতরানের আগে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের হাল ধরেন চান্দিমাল। থিরিমান্নেকে সঙ্গে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন তিনি। ৪৪ রান করে থিরিমান্নে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নিলেও অটল থাকেন চান্দিমাল।

এবার তাকে যোগ্য সঙ্গ দেন মুবারক। দেখতে দেখতে চান্দিমালের সেঞ্চুরি পূর্ণ হয়। আর হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুবারক। কিন্তু মাত্র এক রানের আক্ষেপ নিয়ে মাঠ থেকে বিদায় নিতে হল তাকে। ব্যক্তিগত ৪৯ রানে হরভজন সিংয়ের বলে রাহানের তালুবন্দী হন মুবারক।

ভারতের বোলারদের মধ্যে অশ্বিন তিনটি ও মিশরা দুটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন হরভজন ও অ্যারোন।

প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে সব উইকেটের বিনিময় ৩৭৫ রান সংগ্রহ করে ভারত।

জেডআই