২০১৫-১৬ অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদের জন্য ১৬৯ কোটি ৭৬ লক্ষ ৮১ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় প্রস্তাবিত এ বাজেট অনুমোদিত হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের এই বাজেটে রাজস্ব খাতে ৫২ কোটি ৫৯ লক্ষ ৮১ হাজার এবং উন্নয়ন প্রকল্প খাতে ১১৭ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সভায় জানানো হয় যে, সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির আওতায় বর্তমান অর্থ বছরে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন খাতে ৫০ কোটি ও প্রশিক্ষণ খাতে ২০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। সভায় জাতীয় ক্রীড়া পরিষদের বর্তমান বাজেট অত্যন্ত অপ্রতুল উল্লেখ করে ক্রীড়া উন্নয়নে বাজেট আরো বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া প্রশিক্ষণ খাতে বাজেট বৃদ্ধি করার উপর মতামত ব্যক্ত করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও যুব ও ক্রীড়া সচিব নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ বাদল রায় জাতীয় ক্রীড়া পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট সভায় উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক, ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

জেডআই