তরুণ স্ট্রাইকার অ্যান্থনি মার্শালের জোড়া গোলে সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
হ্যাম্পশায়ারের সেন্ট মেরি’স স্টেডিয়ামে ১৩ মিনিটে গ্রাজিয়ানো পেল্লে স্বাগতিকদের এগিয়ে দেবার পরে বিরতির আগে ও পরে দুই গোল করে মার্শাল ইউনাইটেডকে রক্ষা করেন।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো লুইস ফন গালের দল। টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির তুলনায় তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র দুই।
৬৮ মিনিটে তৃতীয় গোল করে হুয়ান মাতা ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। তবে ম্যাচ শেষের চার মিনিট আগে পেল্লে দ্বিতীয় গোল করে সাউদাম্পটনের আশা জাগিয়ে তুলেছিলেন।
খেলার ১৩ মিনিটে ডান দিক থেকে জেমন ওয়ার্ড-প্রাউসের ক্রসে সাদিও মানের শট ডেভিড ডি গিয়া আটকে দেবার পরে ফিরতি বলে পেল্লে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
৩৪ মিনিটে ম্যাচে ইউনাইটেডকে সমতায় ফেরান মার্শাল। বিরতির পাঁচ মিনিট পরে মায়া ইয়োশিদার ব্যাক পাস থেকে স্বাগতিক গোলরক্ষক মারটেন স্টেকেলেনবার্গকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে এগিয়ে দেন মার্শাল।
৬৮ মিনিটে মেমফিস ডিপের শট পোস্টে লেগে ফেরত আসলে মাতা ইউনাইটেডকে তৃতীয় গোল উপহার দেন। ম্যাচ শেষের চার মিনিট আগে মানের ক্রস থেকে হেডের সাহায্যে দ্বিতীয় গোল করেন পেল্লে।
জেডআই





