সুইডিশ ক্লাব মালমোর জন্য দুঃস্বপ্ন হয়ে রইল মঙ্গলবারের রাতটি। এ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল তারা। নিজ মাঠে মালমোকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠেছিল রিয়াল।

সুইডেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দলটির জালে গুনে গুনে ৮ গোল দিয়েছে বাফায়েল বেনিতেজের শিষ্যরা। আর দলের এই গোল উৎসবের রাতে হ্যাটট্রিকের আনন্দে ভেসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেঞ্জেমা। এর মধ্যে রোনালদো একাই করেছেন ৪ গোল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ১২ মিনিটে রিয়ালকে এগিয়ে নিয়েছেন বেঞ্জেমা। ২৪ মিনিটে ব্যবধান ২-০ করেছেন এই ফরাসী তারকা ফরোয়ার্ড।

৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে ৩-০ গোলেই এগিয়ে থেকেছে রিয়াল।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ানোর ৫ মিনিটের মধ্যে আরও ২ গোল করেছেন রোনালদো। সেই সুবাদে আদায় করে নিয়েছেন নিজের হ্যাটট্রিক। এর পর ৫৮ মিনিটে দলের পঞ্চম ও নিজের চতুর্থ গোলের দেখা পেয়েছেন তিনি।

বেঞ্জেমা তার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৭৪ মিনিটে। মালমোর জালে এটিই ছিল রিয়ালের শেষ (অষ্টম) গোল। এর আগে অবশ্য ৭০ মিনিটে দলের হয়ে সপ্তম গোলটি করে রেখেছিলেন কোভাকিক।

এ জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে আসরের পরবর্তী রাউন্ডে খেলবে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য উল্লেখযোগ্য ম্যাচে শাখতার দোনেস্ককে ২-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি), ভলফসবার্গের কাছে ৩-২ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, গ্লাদব্যাচকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এবং সেভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে গত আসরের রানার্সআপ জুভেন্টাস।

এমকে