লর্ডসেই সমতা আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজে ১-১ এ সমতা আসছে, তা তৃতীয় দিন শেষে বলে দেয়া যাচ্ছে। ইংল্যান্ডের উপর অজিরা এতোটাই চেপে বসেছে।
তিন নম্বর দিন শেষে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ৩৬২ রানে। হাতে আছে সবকটি উইকেট।
অনুমান করা যায়, পাঁচশ/সাড়ে পাঁচশ রানের লিড ও দেড়দিনেরও বেশি হাতে নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলবেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১০৮ রান করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৬০ ও ক্রিস রজার্স অপরাজিত আছেন ৪৪ রান করে।
এর আগে ৪ উইকেটে ৮৫ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক আর বেন স্টোকস। ৫ম উইকেটে ১৪৫ রানের জুটি গড়ার পর বেন স্টোকসকে বোল্ড করেন মিচেল মার্শ।
সেই প্রতিরোধ ভেঙ্গেে যাবার পর ক্যারিয়ারে ৭মবারের মতো নার্ভাস নাইনটিতে কাটা পড়েন কুক। বোলার সেই মার্শ জুনিয়র। কুকের বিদায়ের পর মঈন আলীর ৩৯ তিনশ রানের কোটা পেরোতে সাহায্য করে। ৩১২ রানে অলআউট হয় ইংলিশরা। জশ হ্যাজলউড ও মিচেল জনসন নেন ৩টি করে উইকেট।
প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থেকেও ইংল্যান্ডকে ফলোঅন করায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দুই অজি ওপেনার। তাতে তিন দিন শেষে ম্যাচ জেতার স্বপ্ন উজ্জ্বল হয়েছে সফরকারীদের।





