অ্যাশেজ সিরিজে হতাশাজনক হারের পর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই পাওয়া যাচ্ছে সফরকারীদের কাছ থেকে। 

উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের দারুণ ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে প্রথম ম্যাচে ৫৯ রানের জয় দিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা ভালোভাবেই করেছে অস্ট্রেলিয়া।

জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারের মধ্যে ২৪৬ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ডের ইনিংস। জ্যাসন রয় ও অ্যালেক্স হালেসের ৭০ রানের উদ্বোধনী জুটির সুবাদে শুরুটা ভালোভাবে করতে পারলেও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। হালেস (২২), রয় (৬৭), জেমস টেলর (৪৯) ও ইংলিশ অধিনায়ক ওয়েন মরগান (৩৮) আউট হওয়ার পর আর কোনো বড় জুটি গড়ে তুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার চার পেসার মিচেল স্টার্ক, নাথান কোউল্টার-নাইল, প্যাট কামিন্স ও শেন ওয়াটসনের দারুণ বোলিংয়ে ২৪৬ রানেই থেমে গেছে ইংল্যান্ডের ইনিংস। চারজনই নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও হয়েছিল দারুণভাবে। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন জো বার্নস (৪৪) ও ডেভিড ওয়ার্নার (৫৯)। অধিনায়ক স্টিভেন স্মিথও খেলেছেন ৫৪ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস।

তবে অস্ট্রেলিয়ার সংগ্রহটা বড় হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ম্যাথু ওয়েডের। শেষপর্যায়ে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৫০ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস। মিচেল মার্শের ৩৪ বলে ৪০ রানের ইনিংসটিও অনেকখানি এগিয়ে দিয়েছে অসিদের।

সপ্তম উইকেটে এ দুই ব্যাটসম্যান গড়েছিলেন ৭৮ বলে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি। ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। ৭১ রানের অপরাজিত ইনিংসটি খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ওয়েডের হাতে।

৫ সেপ্টেম্বর লর্ডসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এমআর