টুর্নামেন্টের ছোট দল হিসেবে পরিচিত বলিভিয়ার সাথে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে অন্যতম ফেবারিট মেক্সিকো। এই ড্রয়ে দলীয় কোচ মিগুয়েল হেরেরা ম্যাচ শেষে দারুণ হতাশা প্রকাশ করেছেন।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ হিসেবে পরিচিত কোপা আমেরিকা প্রতিটি দলের জন্যই বেশ মর্যাদার টুর্নামেন্ট। বলিভিয়ার মত দেশের কাছে প্রথম ম্যাচেই তাই পয়েন্ট হারানো কোনো ভাবেই মেনে নিতে পারছেন না হেরেরা। এমন কি ম্যাচে গোল হজমেরও পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিক থেকে মেক্সিকোকে ভাগ্যবানই বলতে হয়। গ্রুপ-এ এর অপর ম্যাচে স্বাগতিক চিলি ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
দলের অন্যতম সেরা তিন খেলোয়াড় জেভিয়ার হার্নান্দেজ, কার্লোস ভেলা এবং গিওভানি ডস সান্তোসের অনুপস্থিতিতে হেরেরার দল যে কিছুটা হলেও দূর্বল হয়েছে তা বিশ্বের ৮৯তম র্যাঙ্কধারী বলিভিয়ার বিপক্ষেই প্রমাণিত হয়েছে।
তবে ৭৯ মিনিটে জেভিয়ার এ্যাকুইনোর বিপক্ষে একটি পেনাল্টির আবেদন প্যারাগুয়ের রেফারী এনরিক ক্যাসেরাস নাকচ করে দিলে সেই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারেননি হেরেরা। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গোল্ড কাপকে সামনে রেখে হেরেরা দলের মূল খেলোয়াড়দের কোপা আমেরিকান দলে জায়গা দেননি। সেটাই হয়ত মেক্সিকোর জন্য ব্যুমেরাং হয়ে দেখা দিয়েছে। যদিও হেরেরা বিশ্বাস করে ফিফা র্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা মেক্সিকো চিলিতে জয়ের সব যোগ্যতাই রাখে।
গতকাল ম্যাচে প্রথম থেকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাউন্টার এ্যাটাকে বেশ ভালই খেলেছে বলিভিয়া। প্রথমার্ধে তিনটি ভাল সুযোগও তার পেয়েছিল। ১৪ মিনিটে রিকার্ড পেডরিয়েলের লো ক্রস থেকে ডিফেন্ডার মার্টি স্মেডবার্গ-ডালেন্স বল জালে জড়াতে ব্যর্থ হন। বিরতির ঠিক আগ মুহূর্তে জামসানি ক্যাম্পোসের বাম পায়ের জোড়ালো শট মেক্সিকান গোলরক্ষক হোসে জেসাস করোনা ক্রসবার দিয়ে বাইরে পাঠিয়ে দেন। সেখান থেকে প্রাপ্ত কর্ণারে অভিজ্ঞ বলিভিয়ান ডিফেন্ডার রোনাল্ডো রালডেসের হেড অল্পের জন্য বাইওে চলে যায়।
দ্বিতীয়ার্ধেও শুরুতে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করতে না পারায় হেরেরা হতাশা প্রকাশ শুরু করেন। মিডফিল্ডার জেসাস ম্যানুয়েল করোনা ও হুয়ান কার্লোস মেডিনার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তবে ম্যাচের সবচেয়ে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার ভিসেন্টে ভুসোসো। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী এই স্ট্রাইকার ম্যানুয়েল করোনার দারুন একটি ক্রস থেকে হেডের সুযোগ নষ্ট করলে মেক্সিকো গোল বঞ্চিত হয়।
জেডআই





