জুনিয়র এএইচএফ কাপ হকিতে থাইল্যান্ডকে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের খোরশেদ ও মিলন তিনটি করে, কৌশিক দু’টি এবং সারোয়ার ও রোমান একটি করে গোল করেন।

থাইল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষকে পেয়ে শুরু থেকেই গোল আদায়ে মনোযোগী হয় স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৩ মিনিটে সরাসরি হিটে সারোয়ার দলের পক্ষে গোলের খাতা খোলেন (১-০)। মিনিট চারেক পর পিসি থেকে মিলনের পুশে বল স্টপ করার সারোয়ার। সেই বলে ফ্লিক করে গোল আদায় করেন খোরশেদ (২-০)। ১১ মিনিটে আবারও পিসি থেকে সেই মিলন, সারোয়ার এবং খোরশেদের কম্বিনেশনেই তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ (৩-০)। ২১ মিনিটে থ্ইাল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেস্টায় গোল করেন মিলন (৪-০)। মিনিট দুয়েক পর পিসি থেকে স্বাগতিকরা আরও এগিয়ে যায় কৌশিক, সারোয়ার ও খোরশেদের কম্বিনেশনে (৫-০)।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও থাইল্যান্ডকে কোন সুযোগ দেয়নি বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই ম্যাচের ৩৯ মিনিটে মিলনের পাসে কৌশিক হিট করলে থাইল্যান্ডের জালে জড়ায় (৬-০)। দু’মিনিট পরেই শিটুলের পাওয়ার হিটে মিলনের পুশ রুখে দেন থাই গোলকিপার। কিন্তু ফিরতি বলে ফের হিট করে গোল করেন মিলন (৭-০)। ৪৪ মিনিটে সুযোগ সন্ধানী রোমানও দলকে গোল পাইয়ে দেন (৮-০)। চার মিনিট বাদে দলকে নবম গোলটি আদায় করে দেন কৌশিক (৯-০)। আর ৫৭ মিনিটে সারোয়ার, রোমান ও মিলনের কম্বিনেশনে গোল পেয়ে ১০-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

জেডআই