এশিয়া কাপের আগে স্বাগতিক বাংলাদেশেকে হোয়াইট ওয়াশ করেছিল শ্রীলংকা। পাঁচ জাতির এই টুর্নামেন্টে নিজেদের শুরুর দুই ম্যাচে পাকিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল তারা। এবার আফগানিস্তানকে ১২৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বল হাতে শ্রীলংকাকে বেশ চাপে রেখেছিল আগের ম্যাচে বাংলাদেশকে হারানো আফগানিস্তান। কিন্তু ব্যাট হাতে সফল হতে পারেনি তারা। লংকানদের দেয়া ২৫৪ রানের জবাবে মাত্র ৩৮.৪ ওভারে ১২৪ রানেই ইনিংস গুটিয়ে যায় দলটির। ফলে ১২৯ রানে জয় পায় শ্রীলংকা।
টার্গেটে খেলতে নেমে দলীয় ৮ রানে ওপেনার মোহাম্মদ শাহজাদকে হারালেও নুর আলী জাদরান ও আসগর স্তানিকজাইর ব্যাটে আশার আলো দেখে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে আসা আফগানরা। বাংলাদেশের বিপক্ষে মিডল অর্ডারে খেলতে নেমে সফল হওয়া স্তানিকজাই এই ম্যাচে ওয়ানডাউনে ক্রিজে আসেন। শুরুটা খারাপ করেননি। কিন্তু ৩৪ বলে ২৭ রান করে থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।
দলীয় ৫৩ রানে স্তানিকজাইর আউট হওয়ার মধ্য দিয়ে আফগনা শিবিরে ভাঙ্গন শুরু হয়। দলের রানের খাতায় মাত্র ৬ রান যোগ হতেই মাঠ থেকে বিদায় নেন ওপেনিং জুটির নুর আলী জাদরান।
৭৩ রানে পাঁচ উইকেট হারানো আফগানিস্তানের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু ৩৭ রান করে তিনিও আউট হয়ে যান। এতে দলীয় ১২১ রানেই পর পর দুটি উইকেট হারায় তারা। ১২২ রানে এক উইকেট। ১২৪ রানে বাকি দুটি উইকেট হারালে ইনিংস শেষ হয়ে যায় আফগানদের।
লংকান বোলার থিসারা পেরেরা ও অজন্তা মেন্ডিজ তিনটি করে উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট পান সুরাঙ্গা লাকমাল ও ডি সিলভা।
এর আগে সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান করে শ্রীলংকা। উদ্বোধনী জুটির লাহিরু থিরিমান্নে (৫) আউট হয়ে গেলে মাঠে আসেন সাঙ্গাকারা। রানের চাকা সচল রেখে হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। কিন্তু দাওলাত জাদরান ও মোহাম্মদ নবীর কাছে রান আউট হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়ানডাউনে ক্রিজে এসে পঞ্চম উইকেটে আউট হওয়ার আগে ৭৬ রান করেন তিনি। ১০২ বলে ৬টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন সাঙ্গা।
এদিকে শেষ পর্যন্ত টিকে থেকে ৪১ বলে ৪৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। এছাড়া ওপেনার কুসল পেরেরার ৩৩ রানই উল্লেখযোগ্য।
আফগান দলনেতা এদিন মোট ৮ জন বোলার ব্যবহার করেছেন। তাদের মধ্যে ৮ ওভারে দুই উইকেট শিকার করা মিরওয়াইজ আশরাফই সবচেয়ে সফল।
খেলা
ফাইনালে শ্রীলংকা
এশিয়া কাপের আগে স্বাগতিক বাংলাদেশেকে হোয়াইট ওয়াশ করেছিল শ্রীলংকা। পাঁচ জাতির এই টুর্নামেন্টে নিজেদের শুরুর দুই ম্যাচে পাকিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল তারা।





