আজ শনিবার রাতটিকে ফুটবলের রাত বললে ভুল হবে না। কারণ ইউরোপের ক্লাবগুলোর জায়ান্টরা এদিন মাঠে নামবে। শুধু এখানেই শেষ নয়। অনেকগুলো শিরোপাও নির্ধারিত হবে এই দিন। শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়া এদিন এফএ কাপের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে।
লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১০টায় দল দুটি ন্যু ক্যাম্পের মাঠে নামবে দল দুটি।
এই ম্যাচে অনেক চাপে থাকবে স্বাগতিক বার্সেলোনা। কারণ ম্যাচটিতে জয় পেলে তবেই শিরোপার স্বাদ পাবে গত মৌসুমের চ্যাম্পিয়ন দলটি। অন্যদিকে ড্র করতে পারলেই ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো লিগের মুকুটটি পাবে অ্যাটলেটিকো।
পয়েন্ট টেবিলে ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে সমান ম্যাচে তিন পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
এদিকে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ঘরের মাঠ স্ট্যান্টিয়াগো বার্নাব্যুতে এস্পানিয়লকে স্বাগত জানাবে তারা। ম্যাচটিতে জিতুক বা হারুক তৃতীয় স্থানেই থাকবে রিয়াল। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এদিকে জার্মানির ডিএফবি পোকালের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। বার্লিনের অলিম্পি স্টেডিয়ামে রাত ১২টায় মাঠে নামবে জার্মানের দুই জায়ান্ট।
একই রাতে এফএ কাপের ফাইনালে লড়াই করবে আর্সেনাল ও হাল সিটি। রাত ১০টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
এছাড়া লিগ ওয়ান এর ম্যাচে মাঠে নামবে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রান্সের জায়ান্টদের মুখোমুখি হবে টেবিলের ১৪তম স্থানে থাকা মন্টিপিলার এইচএসসি।
ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি) //জেডআই