মালদ্বীপে পায়ের জাদু অব্যাহত রেখেছেন বাংলাদশকন্যা সাবিনা। স্পর্শ করেছেন ১৬ গোল করার নতুন বিরল এক মাইলফলক। প্রথম ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকসহ ৪ গোল। দেশের মাটিতে ঘরোয়া ফুটবলে এক ম্যাচে ১৩ গোলের রেকর্ড গড়ে আলোচিত হয়েছেন সাবিনা। ক্লাব ফুটবলে শেখ জামালের হয়ে গোলগুলো করেছিলেন আরামবাগের বিপক্ষে। আর মালদ্বীপে রবিবার রাতে নিজের সে রেকর্ড পেছনে ফেলে গড়েছেন নতুন রেকর্ড।
মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা নামের নারী ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপ পুলিশ দলের হয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিজি অফিস দলের বিপক্ষে সাবিনা করেছেন ১৬ গোল। তার দল জয়ী হয়েছে ২৫-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধেই বাংলাদেশের সাবিনা পূর্ণ করেছেন ডাবল হ্যাটট্রিক। বাকি ১০ গোল নিজের করে নিয়েছেন দ্বিতীয়ার্ধে। দুই ম্যাচে ২০ গোল করে সাবিনা এখন মালদ্বীপ ফুটবলে সবচেয়ে আলোচিত খেলোয়াড়। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশী ক্লাবে খেলতে যাওয়ার আগে সাবিনা বলেছিলেন ‘দেশের ফুটবলকে উঁচুতে নিতে চাই। যাতে বাংলাদেশের সম্মান বাড়ে।’মালদ্বীপে সাবিনা এখন বাংলাদেশ নারী ফুটবলের বিজ্ঞাপন। সাবিনাদের পরের ম্যাচ ২৭ মার্চ এমআরডিসি ক্লাবের বিপক্ষে।
মালদ্বীপে সাবিনার অব্যাহত চমকে জেগে ওঠছে বাংলাদেশের ফুটবল। বিশেষ করে নারী ফুটবল। হয়তো তার এই পারফর্ম নারী ফুটবলারদের জন্য নতুন এক দিগন্তের সূচনা করেছে।
জেআই





