রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই। তবে প্রতিদ্বন্দ্বীতা আছে বলে স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, এই প্রতিদ্বন্দ্বীতা জীবনের একটা অংশ।
সম্প্রতি বছরগুলোতে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন রোনালদো ও মেসি। আধুনিক ফুটবলের সবচেয়ে সেরা খেলোয়াড় হিসেবে তাদের দু'জনকে বিবেচনা করা হয়। গত ছয় বছর ফিফা বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি'অর ভাগাভাগি করে নিয়েছেন তারা।
আর শ্রেষ্ঠত্বের জন্য দুর্দান্ত লড়াই করে যাচ্ছেন তারা। বিশেষ করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে রোনালদো যোগ দেয়ার পর তাদের লড়াই তুঙ্গে উঠেছে। লা লিগায় দু'জনই দুর্দান্ত লড়াই করছেন। এজন্য অনেকেই বলে থাকেন, তাদের মধ্যের সম্পর্কটা অহি-নুকুল পর্যায়। কিন্তু রোনালদো জানালেন ভিন্ন কথা। বললেন, পেশাদার সু-সম্পর্কই তাদের মধ্যে বিদ্যমান।
মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে পর্তুগীজ তারকা বলেন, "আমাদের মধ্যে খারাপ সম্পর্ক রয়েছে, এটা সত্য না। আমরা সহকর্মী এবং পেশাদার সম্পর্ক রয়েছে।"
তিনি আরো বলেন, "ফুটবলের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যেটা অন্যান্য ফুটবলারদের সঙ্গে আছে। তিনি ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করেন। আমিও একই কাজ করি। দলের জন্য নিজেদের সেরা খেলা উপহার দেয়ার জন্য আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা আছে। তবে এই প্রতিদ্বন্দ্বীতা জীবনের অংশ।"
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





