অবৈধ বোলিংয়ের সন্দেহজনক তালিকায় যোগ হলেন জিম্বাবুয়ের ম্যালকম ওয়েলার। তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট করেছে ম্যাচ কর্মকর্তারা। এজন্য তাকে পরীক্ষা দিতে বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত বল করতে কোনো বাধা থাকছে না এই স্পিনারের। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে খুলনাতে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। ম্যাচটিতে ৬টি উইকেট পেয়েছিলেন ওয়েলার। কিন্তু শুক্রবার ম্যাচ শেষে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রতিবেদন জমা দেয় আম্পায়াররা। এই রিপোর্ট সম্পর্কে জিম্বাবুয়ের টিম ম্যানেজার মুফারো চিতুরুমানিকে অবহিত করা হয়েছে। সেই সঙ্গে ওয়েলারকে আগামী ২১ দিনের মধ্যে বোলিং পরীক্ষা দিতে বলেছে আইসিসি।

জেডআই