এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচ রানের মধ্যেই তারা হারিয়েছে দুটি উইকেট।

দ্বিতীয় ওভারের শেষ বলে সামির বলে আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরব আমিরাতের ওপেনার রোহান মোস্তফা। পাঁচ বলে তিনি করেন মাত্র এক রান।

এরপর মোহাম্মদ আমিরের দাপট। ২.৪ ওভারের মাথায় আরেক ওপেনার মোহাম্মদ কলিমকে সরাসরি বোল্ড করেন আমির। ১১ বল খেলে কলিম করেছেন মাত্র এক রান। দলীয় রান তখন পাঁচ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আরব আমিরাতের সংগ্রহ ৬.৩ ওভারে তিন উইকেটে ২২ রান।

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। গত শনিবার পাক-ভারত মহারণে বড় পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে হাফিজ-মালিকদের। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে অতি আত্মবিশ্বাসী হতে গিয়ে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। যদিও বল হাতে মোহাম্মদ আমির শুরুর দিকে ঝলক দেখিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নাই পাকিস্তানের।

অন্যদিকে আরব আমিরাতের আসলে হারানোর কিছুই নাই। প্রথম দুই ম্যাচে তারা হেরেছে যথাক্রমে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে। তবে হারলেও বল হাতে প্রতিপক্ষ শিবিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে তারা। শ্রীলঙ্কাকে ১২৯ রানে ও বাংলাদেশকে ১৩৩ রানে বেধে ফেলার কৃতিত্ব দেখিয়েছিল আকিভ জাভেদ শিষ্যরা।

জেএইচ