বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া শনিবার শুরু হয়েছে। গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে বুধবার (৩১ আগস্ট) ঢাকায় ফিরেন কাটার মাস্টার।

প্রথমবারের মতো ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। বাঁ-কাঁধে গুরুতর ইনজুরির কারণে লন্ডনে ক্রমওয়েল হাসপাতালে ১১ আগস্ট মুস্তাফিজের কাঁধে ‘টেলিস্কোপ সার্জারি’ করা হয়। সফল অস্ত্রোপচারের পর আরো কিছু দিন ইংল্যান্ডে অবস্থান করে ২২ আগস্ট দেশে ফিরেন। এরপর ঢাকায় কিছুদিন কাটিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরায় চলে যান মুস্তাফিজ। ৩১ আগস্ট আবার ঢাকায় ফেরেন।

শনিবার থেকেই শুরু হয় মুস্তাফিজের প্রথম ধাপের পুনর্বাসন প্রক্রিয়া। প্রথম দিনে জিমে হালকা ব্যায়াম করেছেন কাটার মাস্টার। ট্রেনারের দেয়া রুটিন মতোই চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

এদিকে ঈদের ছুটিতে ৮ সেপ্টেম্বর আবারও সাতক্ষীরায় যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। তাই ৭ আগস্ট পর্যন্ত চলবে প্রথম ধাপের পুনর্বাসন প্রক্রিয়া। ঈদের পর শুরু হবে দ্বিতীয় ধাপের পূনর্বাসন প্রক্রিয়া।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'শনিবার থেকে হালকা ব্যায়াম শুরু করেছে মুস্তাফিজ। ঈদের পর আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।'

এসএ