এল ক্লাসিকো মানেই টান টান উত্তেজনা। বিশ্বজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস। সেই সঙ্গে তুমুল লড়াই। সেই তুমুল লড়াই দেখাতে আজ শনিবার রাত ১০টায় মেসি-রোনালদোরা মাঠে নামছেন। রিয়াল মাদ্রিদের মাঠে স্যান্টিয়াগো বার্নব্যুতে আর কয়েক ঘণ্টা পরই খেলাটি শুরু হতে যাচ্ছে।
অর্থের মানদণ্ডে ইতিহাসের সবচেয়ে দামি এল ক্ল্যাসিকো; বিলিয়ন ডলার ইউরো সমমূল্যের প্রথম এল ক্ল্যাসিকো হবে এটি। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, জেমস রদ্রিগেজ, টনি ক্রুস- দুই দলের তারকা ফুটবলারদের তালিকাটা অনেক লম্বা। আর এ সব তারকাদের দলে রাখতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে যে পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে তার যোগফল ১ বিলিয়ন ইউরো সমপরিমাণ অর্থ। বাংলাদেশের টাকায় যা ১০ হাজার কোটি টাকারও বেশি মূল্যমানের। এর আগের ২২৭টি এল ক্ল্যাসিকো ম্যাচের কোনোটিই অর্থের মানদণ্ডে এতটা দামি ছিল না।
এই ম্যাচে মাঠে নামছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জেমস রদ্রিগেজ ও বিশ্বকাপের সেরা ফুটবলার লিওনেল মেসি। আর মেসি নেইমারের সঙ্গে যোগ দিচ্ছেন লিভারপুলের সাবেক তারকা লুইস সুয়ারেজ।
লিওনেল মেসির সামনে (আরও দুই গোল করলে) লা লিগার ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডের মালিক বনে যাওয়ার সুযোগ।
এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনার জালে গোল দিতে পারেনি কোনো প্রতিপক্ষই। কোনো ম্যাচও হারেনি এনরিকের দল। অন্যদিকে, রিয়াল মাদ্রিদও রয়েছে বেশ ছন্দে। সব ধরনের খেলা মিলিয়ে নিজেদের গত ৫টি ম্যাচে প্রতিপক্ষের জালে ৫টি করে গোল দিয়েছে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা।
লা লিগার সর্বশেষ ১২টি এল ক্ল্যাসিকোতে মাত্র ২ বার জয় পেয়েছে শনিবার রাতের স্বাগতিক দল রিয়াল মাদ্রিদ। ৮ বার জয় পেয়েছে বার্সেলোনা; ২টি ম্যাচ ড্র হয়েছে। লা লিগার গত আসরের দু’বারের মোকাবেলার প্রতিটিতেই জয় পেয়েছে বার্সেলোনা।
জেডআই





