ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার কষ্টটা ভালোই বুঝলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। একা একা থাকা দিনগুলি নিয়ে মন্তব্য করতে গিয়ে এই তারকা বলেছেন, গত কয়েকটি সপ্তাহ নিজেকে ফুটবলার বলে মনে হয়নি।
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার গিওর্গিও চেইলিয়ানিকে কামড় দিয়েছিলেন সুয়ারেজ। ফলে চার মাসের জন্য ফুটবল সম্পর্কিত সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে নিষিদ্ধ করে ফিফা। এতে একা হয়ে পড়েন তিনি। কারণ তখন দলের সঙ্গে অনুশীলন করারও অনুমতি ছিল না তার।
মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ। কিন্তু নিষেধজ্ঞার ফলে ক্লাবের হয়ে তাকে আনুষ্ঠানিক পরিচয়ও করিয়ে দেয়া হয়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আপিল করে অনুশীলন করার অনুমতি পান তিনি। সেই সঙ্গে প্রীতি ম্যাচেও খেলতে পারছেন।
গত কয়েক সপ্তাহ নিয়ে সুয়ারেজ বলেন, "টেন বাই টেন আয়তক্ষেত্রে একা একা অনুশীলন করা খুবই কঠিন ছিল। এর ফলে নিজেকে ফুটবলার মনে হয়নি। সব কিছু অদ্ভুত মনে হতো। এখন আমি অনেক খুশি যে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছি।"
ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





