দীর্ঘ দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেমিফাইনালের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ নেদারল্যান্ডস। কিন্তু দুই দলের কেউই মূল খেলায় গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ও শেষ হয় গোলশূন্যতে। ফলে টাই ব্রেকারেই নির্ধারিত হচ্ছে কোন দল খেলবে ফাইনালে।
বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় সাও পাওলোর মাঠে শুরু হয়। শুরুর দিকে দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। কিন্তু কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি দলটি।
খেলা শুরুর ৫ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে লিওনেল মেসির চমৎকার ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।
৩২ মিনিটে নেদারল্যান্ডসের প্রথম সুযোগটি তৈরি হয় কর্নার থেকে। বাঁদিক থেকে ভেসলি স্নেইডারের কর্নার ফিস্ট করে ফেরান সের্হিও রোমেরো। ফিরতি বলে গালতাসারই মিডফিল্ডারের ক্রস এগিয়ে এসে ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক।
বিরতির আগে ১৩টি মারাত্মক আক্রমণ চালায় মেসিরা। বিপরীতে ৮ বার হামলা চালায় নেদারল্যান্ডস। এর মধ্যে মেসিদের গোলপ্রচেষ্টা ছিল ৩টি। আর ডাচদের প্রচেষ্টা ছিল একটি। ৫৩ ভাগ দখলে নিয়েও এগিয়ে ছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
তবে দ্বিতীয়ার্ধে অনেকটা উজ্জীবিত হয় নেদারল্যান্ডস। সমান তালে আক্রমণ করতে থাকে তারা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চললেও সোনার হরিণ গোলের দেখা মেলেনি।
৭৫ মিনিটে এক দুর্দান্ত সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি গঞ্জালো হিগুয়াইন। ৯০+১ মিনিটে স্বপ্ন ভঙ্গে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আকাশী জার্সিধারী দলটি। দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের আর্জেন রোবেন। কিন্তু মাসচেরানোর অসাধারণ প্রচেষ্টা বেঁচে যায় আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ে একই গতিতে খেলা চললেও শেষের দিকে দুর্দান্ত দুটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু দুটি বলই ফিরিয়ে দেয় নেদারল্যান্ডস গোল রক্ষক।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





