চোট থেকে ফিরে প্রায় ৬ মাস পর সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে কাটার-মাস্টার যথেষ্ট ভালোও করেছিলেন; নিয়েছিলেন দুই উইকেট।

কিন্তু কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলা না-ও হতে পারে বাঁহাতি পেসারের।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দলের ফিজিওর পরামর্শে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজকে। কারণ, মাত্রই চোট থেকে ফিরেছেন এই বাঁহাতি পেসার।

টানা খেলানো হলে পরে সমস্যা হতে পারে ভেবে তাঁকে বিশ্রামের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে জায়গা হতে পারে আরেক পেসার শুভাশীষ রায়ের। তিনি এখন অভিষেকের অপেক্ষায়।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মুশফিকুর রহিম সিরিজের বাকি দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েছেন।

তাঁর জায়গায় অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।  

গত সোমবার ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডের ৩৮তম ওভারে রান নিতে গিয়ে চোট পেয়েছিলেন মুশফিক। রানআউট থেকে বাঁচতে গিয়ে ডাইভ দিয়েছিলেন মরিয়াভাবে।

তখনই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। ফলে প্রায় দুই সপ্তাহ দর্শক হয়েই থাকতে হবে মুশফিককে।

আর মুস্তাফিজ গত জুলাইতে সাসেক্সের হয়ে ইংল্যান্ডের খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয়েছিলেন। এ জন্য তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে। দীর্ঘ পুনর্বাসনের পর এই সিরিজে দলে ফিরেছেন তিনি।

এমবি