পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারমুখী সূচনা করে মাঠ থেকে বিদায় নিয়েছেন উদ্বোধনী জুটির সৌম্য সরকার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (৪) ও মাহমুদুল্লাহ (০)।

লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে জুনায়েদ খানের প্রথম তিন বলে পর পর তিনটি চার মারেন সৌম্য। কিন্তু পঞ্চম বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ আউট হন। মাঠ চাড়ার আগে ১১ বলে ৪ চারে ১৭ রান করেন।

এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে টসজয়ী পাকিস্তান।

এদিন সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে শুরুতে ব্যাট বেছে নিলেও বাংলাদেশের বোলিং তোপে মহা চাপে পড়ে যায় পাকিস্তান। ম্যাচটিতে ২২ ওভারে মাত্র ৭৭ রান সংগ্রহ করতেই হারায় ৫ উইকেট।

তবে ষষ্ঠ উইকেটে হারিস সোহাইল ও সাদ নাসিম গড়ে তোলেন ৭৭ রানের জুটি। এই জুটি ভেঙে যাওয়ার পর সাদ নাসিম ও ওয়াহাব রিয়াজ গড়ে তোলেন ৮৫ রানের জুটি।

আগের ম্যাচে ওয়ানডেতে অভিষেক হওয়া সাদ নাসিম এ ম্যাচেই করেছেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। সেঞ্চুরি করতে না পারলেও শেষ পর্যন্ত ৭৭ রান নিয়ে অপরাজিত থাকেন। ৯৬ বলে ৬টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি।

নাসিমের সঙ্গে এ ম্যাচের ঝড়ো ব্যাটিং করেন ওয়াহাব রিয়াজের। ৪০ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টাইগারদের বোলিং তোপে ৯ ওভারেই দুটি উইকেট হারায় পাকিস্তান। ৮ম ওভারের প্রথম বলে পেসার রুবেল হোসাইনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান সরফরাজ আহমেদ (৭)।

পরের ওভারে আরাফাত সানির শেষ বলে সরাসরি বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে আসা মোহাম্মদ হাফিজ।

দলীয় ৩৬ ও ৩৭ রানে পর পর দুটি উইকেট হারানোর পর চাপে পড়ে যাওয়া পাকিস্তান দলের হাল ধরে রাখেন ওপেনার আযহার আলী। কিন্তু ১৬তম ওভারের তৃতীয় বলে তাকে বিদায় করে দেন সাকিব। মুশফিকের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৬০ বলে ৩৬ রান করেন পাক অধিনায়ক।

পরের ওভারের পঞ্চম বলে নাসির হোসাইনের বলে বোল্ড হন ছয় বল খেলে রানের খাতা খুলতে না পারা ফাওয়াদ আলম। সাকিবের বলে মোহাম্মদ রিজওয়ান এলবিডব্লিউ আউট হলে বিধ্বস্ত হয়ে যায় সফরকারীরা।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন হারিস সোহাইল ও সাদ নাসিম। ধীরে ধীরে রানের চাকা ঘুরিয়ে গড়ে তোলেন ৭৭ রানের জুটি। অবশেষে তাদের জুটি ভাঙ্গেন বাংলাদেশের পালের গোদা মাশরাফি।

৩৯তম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ ধরে হারিসকে বিদায় করে দেন মাশরাফি। মাঠ ছাড়ার আগে ৬১ বলে একটি চার ও একটি ছক্কায় ৪৪ রান করেন হারিস। খেলার বাকি সময়টি পার করেন নাসিম ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশের বোলার সাকিব আল হাসান দুটি উইকেট পান। একটি করে উইকেট পান মাশরাফি, রুবেল, নাসির ও আরাফাত সানি।

জেডআই