ক্রিকেটের বিস্ময় বালক কাটার মাস্টার নামে খ্যাত জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের বৌভাত অনুষ্ঠান আজ শনিবার (১৩ জুলাই)।
নববধূর আগমন উপলক্ষে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজুর রহমানের বাড়িতে চলছে সাজসাজ রব।
বাড়ির সামনে সাজানো হয়েছে সুউচ্চ গেট। আলো ঝলমলে গেট শোভা পাচ্ছে নান্দনিক রূপে। উৎসবমুখর পরিবেশে চলছে ফিজ-শিমুর বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানের আয়োজন।
চলতি বছরের ২২ মার্চ ৫ লাখ ১ টাকা দেনমোহরে আপন মামাতো বোন বিশ্ববিদ্যালয়ছাত্রী সামিয়া পারভীন শিমুর সাথে বিয়ে হয় কাটার মাস্টার মুস্তাফিজের। বিশ্বকাপের কারণে ছোটখাটো পরিসরে শুধু বিয়ের কাজ সারেন এই পেসার। কথা ছিল বিশ্বকাপ ক্রিকেট শেষে বড় পরিসরে বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সে অনুযায়ী আজ ১৩ জুলাই শনিবার কাটার মাস্টার মোস্তাফিজের বৌভাত অনুষ্ঠানের আয়োজন। বৌভাত উপলক্ষে আবার বর-বউ সাজবেন সাতক্ষীরা এক্সপ্রেস মুস্তাফিজ-শিমু দম্পতি। জমকালো আয়োজনের মাধ্যমে নববধূ শিমুকে তুলে নেয়া হবে মুস্তাফিজের বাড়িতে।
জানা যায়, সেমিফাইনালের আশা নিয়ে ইংল্যান্ডে গেলেও সেই আশা পূরণ করতে পারেনি টাইগারেরা। ভালো-মন্দ দুই মিলিয়েই বিশ্বকাপ আসর শেষ করেছে টাইগারেরা। এর মধ্যে কাটার মাস্টার মুস্তাফিজ আছেন কিছুটা ফুরফুরে মেজাজে। ৯ ম্যাচে ২০ উইকেট শিকার করে রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায়। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ঐতিহাসিক লর্ডসে অনার্স বোর্ডে নিজের নামও লিখিয়েছেন এ কাটার মাস্টার।
৭ জুলাই রোববার টিম বাংলাদেশ বিশ্বকাপ সফর শেষে দেশে ফিরলেও সাতক্ষীরা এক্সপ্রেস মুস্তাফিজ গ্রামের বাড়িতে আসেন ১০ জুলাই দুপুরে। কিন্তু বাড়িতে ফিরে দেখেন অন্যরকম চেহারা। বাড়ির সামনে বড় গেট। উঠানে সামিয়ানা টানানো হয়েছে।
মুস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান মিঠু বলেন, ‘নিউজিল্যান্ডের ওই ঘটনার পর বাড়িতে এসেও মুস্তাফিজের মন অনেক খারাপ ছিল। সে কারণেই আমার হঠাৎ করে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেই। বিশ্বকাপ ছিল বিধায় ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল। সামনে আবার শ্রীলঙ্কার সাথে সিরিজ আছে। সেজন্য বৌভাত দ্রুত করতে হচ্ছে।
মুস্তাফিজ আমাদের সবার ছোট এবং অনেক আদরের, সেজন্য ওর বৌভাতে আত্মীয়স্বজনসহ অনেক অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে। আমাদের গ্রামের বাড়িতে গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বৌভাত।
এমআর





